পাবনা শহরে মুক্তিযুদ্ধের তিন শহীদের স্মৃতি ধরে রাখতে স্বাধীনতার পর থেকে দুর্গাপূজার আয়োজন করে আসছে ‘শহীদ পল্টু ক্লাব’।
শহরের গোপালপুর এলাকার এই ক্লাবের উদ্যোগে প্রতিবছর পূজা হয় বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার।
তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর এই পূজা হয়। এর মধ্য দিয়ে শহীদদের স্মৃতি ধরে রাখার পাশাপাশি এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনও আরও দৃঢ় হচ্ছে।
ক্লাবের পূজা আয়োজক কমিটির সভাপতি গৌতম মজুমদার বলেন, এই পূজা এখন আর শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এটি সবার উৎসবে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মী সুমিত মৈত্র জয় বলেন, শহীদ পল্টু ক্লাবের পূজা দেখতে শুধু গোপালপুর নয়, পুরো জেলার মানুষ আসেন। পূজার সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
ক্লাবটি জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ পল্টু মোহন চৌধুরী ও তার দুই বন্ধু মতি ও মান্নান মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন।
ওই বছরের ১৪ অক্টোবর পাবনার নন্দনপুর এলাকায় একটি অভিযানে যাওয়ার সময় পাকিস্তানি বাহিনী তাদের অস্ত্রসহ ধরে ফেলে। পরে তাদের হত্যা করা হয়।
দেশ স্বাধীন হওয়ার পর এই তিন শহীদের স্মৃতি ধরে রাখতে গোপালপুর এলাকার তরুণেরা ‘শহীদ পল্টু ক্লাব’ ও ‘মতি স্মৃতি সংঘ’ গড়ে তোলেন। এরপর থেকে সামাজিক কাজের পাশাপাশি শহীদ পল্টু ক্লাবের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন হয়ে আসছে।
সঞ্জয় কুমার বলেন, মুক্তিযুদ্ধের তিন শহীদের স্মৃতি ধরে রাখার পাশাপাশি এই পূজা এখন গোপালপুরের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। পূজা উপলক্ষে প্রায় এক সপ্তাহ ধরে নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
.jpg)
