মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় তালাকপ্রাপ্ত ভাগ্নিকে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকেটে হত্যা করার হুমকিদাতা ছানোয়ার প্রামাণিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক ছানোয়ার প্রামাণিক সাঁথিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের ঝোমড় প্রামাণিকের ছেলে।
ভুক্তভোগী মোরছালিনা (১৯) একই এলাকার রতনা বেগমের মেয়ে।
জানা যায়, তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে মোরছালিনা সৈয়দপুর গ্রামে তার মায়ের বাড়িতে থাকতো। অভিযুক্ত ছানোয়ার তার মায়ের আপন চাচাতো ভাই হয়। বিভিন্ন সময় তাদের মধ্যে কথাবার্তা হতো, বিভিন্ন সময় অভিযুক্ত ছানোয়ার তাকে কু-প্রস্তাব দিতো। ঘটনার দিন (৮ আগষ্ট, ২০২৬) মোরছালিনা ছাগল রাখতে বাহিরে গেলে তাকে জোরপুর্বক পাট খেতে নিয়ে ধর্ষণ করে ও উক্ত ঘটনা প্রকাশ করলে গলা কেটে হত্যার হুমকি প্রদান করে ধর্ষক ছানোয়ার।
এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে (৪ নভেম্বর ২০২৬) থানায় ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী মোরছালিনার মা রতনা বেগম।
মা রতনা বেগম জানান, ছানোয়ার আমার আপন চাচাতো ভাই। অথচ ঐ কুলাঙ্গার আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,ধর্ষণের শিকার মোরছালিনার মা রতনা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। আমরা আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
.jpg)
