পাবনার চাটমোহরে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় তোরাব আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ট্রলিচালক বাবু হোসেন ও তার সহযোগী রানা আহমেদ গুরুতর আহত হয়েছেন।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তোরাব ধরইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভুট্টাভর্তি শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলি চাটমোহরের দিকে আসছিল। এদিকে ব্যাটারিচালিত অটোভ্যানে এক নারী যাত্রীকে ধরইল ব্রিজ এলাকায় নামিয়ে তোরাব আলী যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান তিনি। এ ছাড়া ট্রলিচালক ও হেলপারও হুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।
.jpg)
