দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। নতুন কোচ নিয়ে শুরু হতে যাওয়া এ রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত বাণিজ্যিক যাত্রা। এর ফলে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের সুযোগ পাবেন পাবনাবাসী, কমবে দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকাল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হবে ট্রেনটির নিয়মিত বাণিজ্যিক চলাচল।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।
এ রেল যোগাযোগ চালুর ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমবে। একই সঙ্গে রাজধানীর সঙ্গে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আগেই জোড়া তালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম। কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করা।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আনন্দিত।’
.jpg)
