পুলিশের ইউনিফর্ম পড়ে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেওয়া এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাবনা বিআরটিএ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া পুলিশ মো. রফিকুল ইসলাম (২৯) পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বাদশা প্রামাণিকের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর পাবনা সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অবস্থান করছিল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ের কর্মচারী তুহিন চক্রবর্তী ডিবি পুলিশকে জানান, কার্যালয়ের সামনে বাংলাদেশ পুলিশের ইউনিফরম পরিহিত এক সন্দেহজনক ব্যক্তিকে আটকে রাখা হয়েছে।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মো. রফিকুল ইসলাম বলে জানান। পরে তার পুলিশ পরিচয় যাচাই করে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজে ছবি তোলার জন্য রফিকুল ইসলাম পুলিশের ইউনিফরম পরে বিআরটিএ কার্যালয়ে যান এবং নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। তার কথাবার্তা ও আচরণে কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হলে তার পরিচয় যাচাই করা হয়।
এ সময় তার পরিহিত বাংলাদেশ পুলিশের একটি ইউনিফরম ও একটি বেল্ট জব্দ করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে তিনি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সরকারি কর্মচারী পরিচয়ের ভান করার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.jpg)
.png)