ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে একটি বাসায় ঢুকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৪২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ফরিদপুর থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বনওয়ারীনগর বাজারের বাসিন্দা মো. এরাদ আলী (৬৫) সকালে তার নিজ দোকানে চলে যান। পরে দুপুর আনুমানিক ১২টার দিকে তার স্ত্রী মোছা. তহুরা খাতুন (৫৫) মেয়েদের নিয়ে সাংসারিক কেনাকাটার জন্য বাইরে যান। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসার প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।
চোর বাসার বিভিন্ন কক্ষের দরজার তালা ভেঙে স্টিলের আলমারি, ওয়ারড্রপ ও স্টিলের বড় ট্রাংকের তালা ভাঙে। পরে আলমারিতে থাকা স্ত্রী ও মেয়েদের ব্যবহৃত প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে স্বর্ণের চেইন, হাতের বালা, গলার হার, আংটি, মাথার টিকলি, কানের দুল, কানের ঝুমকা ও নাকফুলসহ বিভিন্ন অলংকার রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসবের আনুমানিক বর্তমান বাজার মূল্য ৪২ লাখ টাকা।
ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা এবং পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও লিখিত অভিযোগে জানানো হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোর/চোরদের শনাক্ত করতে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. এরাদ আলী।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, বাড়ির আশেপাশে রাস্তাগুলোতে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। চোর ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। বাদীর পক্ষ থেকে অভিযোগ নেয়া হয়েছে।
.jpg)
