![]() |
| ছবি- এআই |
ইতিহাসের পাতা থেকে মঞ্চে উঠে এলেন ইংরেজ শাসন ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে প্রতিবাদী ফকির নেতা মজনু শাহ। তাঁর বীরত্ব, দেশপ্রেম, সংগ্রাম ও অসাম্প্রদায়িক চেতনার গল্পে মুগ্ধ হলেন পাবনার নাট্যপ্রেমী দর্শক। ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রাণবন্ত অভিনয়, কোরাস, নৃত্যনাট্য ও সরাসরি আবহসংগীতের অপূর্ব সমন্বয়ে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে বগুড়া থিয়েটার পরিবেশন করল ইতিহাসভিত্তিক নাটক ‘ফকির মজনু শাহ’।
গত ২৭ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নাটকটির সপ্তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি বগুড়া থিয়েটারের ৬৭তম প্রযোজনা। নাটক দেখতে পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো পরিবেশনা জুড়েই দর্শকদের মধ্যে ছিল গভীর আগ্রহ ও মুগ্ধতা।
জনশ্রুতি ও ইতিহাসের নানা উপাদান অবলম্বনে নির্মিত ৮০ মিনিটের এ নাটকে তুলে ধরা হয়েছে আঠারো শতকের ফকির নেতা মজনু শাহের সংগ্রামী জীবন ও বীরত্বগাথা। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার ও নির্দেশক তৌফিক হাসান ময়না। এতে ২৫ জন অভিনয়শিল্পী অংশ নেন। তাঁদের মধ্যে নারী শিল্পী ছিলেন তিনজন। আবহসংগীতে যুক্ত ছিলেন ১০ জন। নাটকের কেন্দ্রীয় চরিত্র ফকির মজনু শাহের ভূমিকায় অভিনয় করেন কনক কুমার পাল অলক।
অভিনয়ের পাশাপাশি নাটকটির অন্যতম আকর্ষণ ছিল কোরাস, কোরিওগ্রাফি, পোশাক পরিকল্পনা, মঞ্চসজ্জা ও সরাসরি আবহসংগীত। সব মিলিয়ে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে মঞ্চে জীবন্ত করে তোলার চেষ্টা দর্শকদের প্রশংসা কুড়ায়।
নাট্যকার ও নির্দেশক তৌফিক হাসান ময়না বলেন, নাটকের মাধ্যমে স্বল্প সময়ে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা।
ইতিহাসের কিছু অজানা বিষয় মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে কল্পনারও আশ্রয় নিতে হয়েছে। ফকির মজনু শাহ ছিলেন অন্যায়ের সঙ্গে আপস না করা এক সাহসী নেতা। ইংরেজ শাসক ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, সংগ্রাম করেছেন। নতুন প্রজন্মের অনেকের কাছেই তাঁর জীবন ও সংগ্রামের ইতিহাস অজানা। সেই অজানা ইতিহাসকে নাটকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরাই ছিল তাঁদের মূল লক্ষ্য।
পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ বলেন, মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থান। পাবনা ও বগুড়ার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন রয়েছে। নাটকের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য ও অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
.jpg)
