ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর রাত ৮:৩০ টার সময় উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি পাকা রাস্তার পাশে বটগাছের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ফরিদপুর থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে কয়েকজন চৌকস কর্মকর্তা এস আই আরিফুল ইসলাম, এস আই আশরাফুল আলম ও অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি অভিযানিক দল গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের সহায়তায় পুলিশ জানতে পারে, দেশীয় অস্ত্র ও গোলাবারুদের একটি চালান হাদল ইউনিয়ন এলাকায় মজুত করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর রাতে স্থানীয় লোকজনের সহায়তায় হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের পাকা রাস্তার পাশে বটগাছের নিচে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি তল্লাশি করে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের তাজা গুলি পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে— চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি, ১টি চাপাতি, দৈর্ঘ্য আনুমানিক ১৪ দশমিক ৫ ইঞ্চি
১টি ছুরি, হাতলসহ দৈর্ঘ্য আনুমানিক ১৮ ইঞ্চি, বিভিন্ন আকারের ৩টি পুরোনো ধারালো দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হাদল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান ফরিদপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
.jpg)
.jpg)