পাবনায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহে অনিয়ন্ত্রিত চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা রোধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (৭ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার থানা মোড় ও গোডাউন মোড় এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিবেশসম্মত চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় 'মিড টাউন' ও 'সোমা ক্লিনিক' নামে দুটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং সালমা আক্তার অভিযানে নেতৃত্ব প্রদান করেন। এতে মামলা দায়ের ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো: আব্দুল মমিন।
অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা বর্জ্যের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। জেলায় বর্জ্য অব্যবস্থাপনার বিরুদ্ধে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
.jpg)
