ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর পৌরসভায় অবস্থিত বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ সেপ্টেম্বর সকাল ১১টার সময় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে পৌর এলাকার অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফরিদপুর পৌরসভা এ কার্যক্রম আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
বক্তব্যে মাহমুদা সুলতানা বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু চারা বিতরণ করলেই হবে না। প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।
ফরিদপুর পৌরসভাকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করা গেলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।২০২৬ অর্থবছরে ২০০০ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। পৌরসভার মধ্যে অবস্থিত ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১২ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে মোট ৫০০০ গাছের চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ আঃ হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবিহা শারমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চু, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মোঃ এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
.jpg)
