ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর পৌর শহরের পল্লী বিদ্যুতের পাশে থানাপাড়া একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. সবুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁর বাবা মো. মিন্টু পালিয়ে যান বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক মজুতের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো একটি পোটলা থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সবুজকে গ্রেপ্তার করা হলেও তাঁর বাবা মিন্টু পালিয়ে যান বলে জানানো হয়েছে।
এ ছাড়া একই স্থান থেকে মাদক সেবনের অভিযোগে মো. পলক (২০) নামে একজনকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা গাঁজার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আবাসিক এলাকায় একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মাদক মজুত ও সরবরাহের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।ফরিদপুর উপজেলা
নির্বাহীকর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শুধু প্রশাসনের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সমাজের সবাইকে সহযোগিতা করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
.jpg)
