মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ির ঘর-দরজা, ঘরে রক্ষিত মালামাল, রান্নাঘর, ভাতরুমের দরজা ভাংচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের দোপমাঝ গ্রামের আজিজুল হকের বসতবাড়িতে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দোপমাঝ গ্রামের সুপার আজিজল হকের সঙ্গে একই গ্রামের সোহেল রানার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সোহেল ও তার লোকজন দেশীয় তৈরী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সুপার আজিজল হকের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বসতবাড়ির ২টি ঘরের বেড়া ও ঘরে রক্ষিত মালামাল, রান্নাঘর, বাথরুমের দরজা, পানির লাইনের মোটর ভাংচুর করে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা যাওয়ার সময় ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালস্কার, পিঁয়াজ ও পাট লুট করে নিয়ে যায়। এতে পরিবারটির প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ঘটনায় ওইদিন রাতেই সুপার আজিজুল হক বাদী হয়ে সাঁথিয়া থানা মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩, তারিখ ১৩/১১/২০২৬ইং।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.jpg)
