পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে এক বিসিআইসি ডিলারের গোডাউন থেকে লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্য থেকে শনিবার (১৪ নভেম্বর) বিকেল পর্যন্ত মোট ৪১২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। প্রশাসনের মাইকিং ও আহ্বানে সাড়া দিয়ে অনেক কৃষক তাদের বাড়ি নিয়ে যাওয়া সার স্বেচ্ছায় ফেরত দিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ সার উদ্ধারের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের সরাসরি তদারকিতে বর্তমানে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে সার বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে কৃষি বিভাগের তত্ত্বাবধানে এই কার্যক্রমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার ন্যায্যমূল্যে কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তবে ডিলারের দোকানে নির্ধারিত সময়ে সার না পেয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক কৃষক সার না পাওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। সার বিপণন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শনিবার বিকেলে স্থানীয় সার ডিলারদের সঙ্গে এক বিশেষ বৈঠক করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
গত সোমবার দুপুর ১২টার দিকে সার না পাওয়ার ক্ষোভে বিক্ষুব্ধ কৃষকেরা ছাইকোলা বাজারের পাশে প্রদীপ পালের সারের গোডাউনে হামলা চালিয়ে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যান।
এই ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লুট করা সার স্বেচ্ছায় ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, যে সকল কৃষক সার ফেরত দেবেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এই আহ্বানের পর থেকেই কৃষকরা একে একে সার ফেরত দিতে শুরু করেন এবং শনিবার বিকেল পর্যন্ত মোট ৪১২ বস্তা সার জমা হয়।
এদিকে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সার ডিলার প্রদীপ পালের ব্যবস্থাপক নিরঞ্জন ঘোষ নিরু বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে চাটমোহর থানায় একটি মামলা করেন। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এছাড়া সার লুটের পুরো বিষয়টি খতিয়ে দেখতে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি ইতোমধ্যে তাদের তদন্ত কাজ সম্পন্ন করলেও এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি বলে জানা গেছে।
.jpg)
