ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার বিনিময়ে রোগীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এক-দুজন নয়, জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও স্বজন এ অভিযোগ করেছেন।
সর্বশেষ ঘটনাটি ঘটে গত রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে।
ভুক্তভোগী মো. রমজান আলী ভাঙ্গুড়া পৌরসভার মসজিদপাড়া মহল্লার মৃত ফেরদৌস আলীর ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ শ্রমিক। কাজ করার সময় তাঁর আঙুলে পেরেক ঢুকে গেলে স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
রমজান আলীর অভিযোগ, জরুরি বিভাগে কর্মরত মো. ফরিদ চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়ার জন্য তাঁর কাছে ১০০ টাকা দাবি করেন। টাকা না দিলে চিকিৎসা পাওয়া যাবে না এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি বাধ্য হয়ে টাকা দিতে রাজি হন। পরে তাঁর সঙ্গে আসা এক ব্যক্তি বাড়ি থেকে টাকা এনে দেন। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
একই ধরনের অভিযোগ করেছেন ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুস ছালাম। তিনি বলেন, কিছুদিন আগে তাঁর আঙুলের নখ উঠে গেলে চিকিৎসা নিতে ওই হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে প্রথমে তিনি ৫০ টাকা দেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি তাতে সন্তুষ্ট না হয়ে পরে ১০০ টাকা দাবি করেন বলে তিনি জানান।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত কয়েকজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (সেকমো) প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে ফরিদ, হাকিম ও শাকিল নামে তিনজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, ওই তিনজনকে প্রতিমাসে দুই হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি জরুরি বিভাগে আসা রোগীদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
সরকারি হাসপাতালে জরুরি সেবা নিতে এসে এভাবে টাকা দাবির অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
.jpg)
