খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে তরিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে পাবনা জেলার হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বায়তুলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন মামলার অন্যতম আসামি বায়তুল। ঘটনার পর খুলনা থেকে পালিয়ে তিনি পাবনা জেলায় আশ্রয় নেন। সেখানে হেমায়েতপুর এলাকায় এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে ডুমুরিয়া থানা পুলিশের একটি দল। পরে সোমবার ভোররাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, তরিকুল হত্যাকাণ্ডের পর বায়তুল খুলনা থেকে পালিয়ে পাবনায় আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে বিস্তারিত জানতে বায়তুলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
.jpg)
