মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: গণপ্রজাতন্ত্রী চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে যোগদান করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত শনিবার (১৪ নভেম্বর) তিনি বেইজিং দূতাবাসে আনুষ্ঠানিকভাবে নিজ দায়িত্বভার গ্রহণ করেন।
দলীয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায় থেকে উঠে এসে কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং কূটনৈতিক অঙ্গনে দেশের স্বার্থরক্ষায় কাজ করার লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি গত ২২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
পরবর্তীতে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে গত ৭ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জাহাঙ্গীর হোসেন ছাত্ররাজনীতি থেকেই নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয়ভাবে কাজ করার নির্দেশনা পেয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। তবে পরবর্তীতে দলের বৃহত্তর স্বার্থে ও সিদ্ধান্তে তা প্রত্যাহার করে নেন।
শিক্ষাজীবন ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার সাফল্য রয়েছে। তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল'-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত আছেন। ইতোপূর্বে চীন সরকার কর্তৃক আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।
সরদার এম জাহাঙ্গীর হোসেন সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের কুমিরগাড়ি গ্রামের মরহুম হাচান সরদার ও মরহুমা জহুরা খাতুনের ছেলে। ১৯৮৮ সালের ১০ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
সাঁথিয়া উপজেলা বিএনপির (জ্যোতি- শামসুর কমিটির) সাবেক সদস্য তিনি। এছাড়া আর আতাইকুলা ইউনিয়ন বিএনপিরও সাবেক সদস্য তিনি।
রাজনৈতিক হয়রানি:
পল্টন থানার মামলায় তিনি দুইবার গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলায় সংখ্যা ৫ টি।গ্রেফতার ২০১৬ ও ২০২৩ সালে।
২০২৩ সালের ১০-১২ সেপ্টেম্বর তিনি দুইদিন গুম ছিলেন। তার স্ত্রী মর্জিনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাকে এ দায়িত্ব দেয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়েছেন।
.jpg)
