ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর থানার পুলিশ পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের এক সক্রিয় সদস্য, অর্থঋণ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামির অভিযোগে একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৪ নভেম্বর) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে এসআই জাহিদুর রহমান বাদল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ফরিদপুর থানার মামলা নং-৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬-এর তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ নুরনবী মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেন। তিনি উপজেলার বিলচান্দক গ্রামের মোঃ শাহাদত মন্ডলের ছেলে। পুলিশের তথ্যমতে, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের পুংগলী ইউনিয়নের সক্রিয় সদস্য।
এ ছাড়া এসআই মোঃ ওয়াজেদ আলী, এএসআই নির্মল মুর্মু ও এএসআই মোঃ আখলাকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে অর্থঋণ আদালত আইনের ৩৪(১) ধারায় জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন—মোঃ রাকিবুল ইসলাম (পিতা: মৃত সৈয়দ আলী প্রামাণিক), সাং-বাদাল; মোঃ আবু তালেব (পিতা: মৃত হারান প্রামাণিক), সাং-ধানুয়াঘাটা এবং মোঃ শাখাওয়াত হোসেন (পিতা: আফসার প্রামাণিক), সাং-খেতাবাঘা। তাঁদের বিরুদ্ধে পৃথক সিআর অর্থজারি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি করার অভিযোগে সুশান্ত কুমার দে (৪৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেন।
তিনি খুলনা জেলার দৌলতপুর থানার কুলিবাগান এলাকার শ্রী শিবু পদদে-এর ছেলে। বর্তমানে তিনি পাবনার বেড়া থানার সিএনবি এলাকায় বাবু নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ফরিদপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি প্রহরায় তাঁদের বিজ্ঞ আদালত, পাবনায় পাঠানো হয়েছে।
.jpg)
