ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে র্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা মানিকুজ্জামান, জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হেলাল উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা ফারুক হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন থাকা, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করা প্রয়োজন। দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
.jpg)
