পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুন ঈশ্বরদীর দিকমারী দেওয়ানপাড়া এলাকার মোস্তফা মোল্লার স্ত্রী
আহত ব্যক্তিরা হলেন- নিহতের স্বামী মোস্তফা মোল্লা (মৃত মকছেদ মোল্লার ছেলে), আকাজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ এবং মিনহাজ উদ্দিন। আহতদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা টেবুনিয়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসিনা খাতুন। পরে স্থানীয় লোকজন অন্য যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, নিহত নারীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার্থে হাসপাতালে পাঠানো হয়েছে।
.jpg)
