মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বাজারে অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে আদনান মেহেরাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ১৩৪ বস্তা সার উদ্ধার করে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত সার স্থানীয় ইউপি সদস্য আসলামের মাধ্যমে কৃষকদের মাঝেন্যায্য মূলে বিক্রির নির্দেশ দেয়া হয়।
জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অনুমোদন ছাড়াই সার মজুত রাখায় সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য আসলাম উদ্দিন জানান, কামরুল নামে একজনের দোকান থেকে ১৩৪ বস্তা সার জব্দ করা হয়েছে। সেটা আমাকে ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন এসি ল্যান্ড ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ বলেন, আদনান মেহেরাজ ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে সার ব্যবস্হাপনা (২০০৬) আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ভ্রাম্যমাণ আদালতে থানা পুলিশসহ উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা।
.jpg)
