ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পাবনার ফরিদপুর থানায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে থানা কম্পাউন্ড, পুলিশ সদস্যদের ব্যারাক এবং ব্যবহৃত ওয়াশরুমসহ বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি পুলিশ ইউনিটকে নিজ নিজ থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহের শনিবার এ কর্মসূচি পালন করা হবে। আগামী নভেম্বর মাস পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় থানা প্রাঙ্গণ ও ব্যারাকের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।
ফরিদপুর থানার পক্ষ থেকে জানানো হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার এ কার্যক্রম প্রতি শনিবার ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মস্থল ও আবাসিক পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরি হবে।
.jpg)
